ওমরাহ পালনের সময় যে সব মাসায়েল জানা প্রয়োজন

ওমরাহ পালন একটি পবিত্র ইবাদত, এবং এর প্রতিটি পর্যায়ে কিছু ফরজ ও ওয়াজিব নিয়ম মেনে চলা জরুরি - যদি কোনো নিয়ম ভুলবশত ছুটে যায়, তাহলে কাফফারা আদায় করতে হতে পারে। এই নিবন্ধে ইহরাম, তালবিয়া, তাওয়াফ, সাঈ এবং কাফফারা সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসায়েলগুলো বিস্তারিত আলোচনা করা হলো, যাতে ওমরাহ পালনকারীরা নির্ভুলভাবে ইবাদত সম্পন্ন করতে পারেন। বাংলাদেশ থেকে ওমরাহ পালনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে আমাদের ওমরাহ পালনের নিয়ম ও সঠিক পদ্ধতি নিবন্ধটিও পড়ে নিতে পারেন।
ওমরাহর ফরজ ও ওয়াজিব কাজ
ওমরাহর দুটি ফরজ কাজ রয়েছে:
- ইহরাম বাঁধা
- বাইতুল্লাহ তাওয়াফ করা
এছাড়া ওমরাহর ওয়াজিব কাজগুলো হলো:
- সাফা-মারওয়া সাঈ (আসা যাওয়া) করা
- হলক্ব বা কসর (মাথার চুল মুণ্ডন বা ছোট করা)
ইহরাম সম্পর্কে বিস্তারিত
ইহরাম বাঁধা কি?
ইহরাম শব্দটি এসেছে হারাম শব্দ থেকে। এর অর্থ হলো কোনো জিনিসকে নিজের ওপর হারাম বা নিষিদ্ধ করে নেওয়া। হজ ও ওমরাহ পালনের নিয়তে যারা মক্কায় গমন করেন, তাদের মিকাত (ইহরাম বাঁধার নির্ধারিত স্থান) অতিক্রম করার সময় ইহরামের জন্য কাপড় পরে নেওয়াকে ইহরাম বাঁধা বলা হয়। পুরুষের জন্য ইহরামের কাপড় দুই টুকরা সেলাই ছাড়া কাপড়, আর মহিলাদের জন্য স্বাভাবিক পোশাক।
ইহরামের ওয়াজিব কি কি?
ইহরামের ওয়াজিব দুইটি:
- মীকাতের স্থানে ইহরাম বাঁধতে হবে
- ইসলামে নিষিদ্ধ এমন কোনো কাজ ইহরাম বাঁধা অবস্থায় করা যাবে না
ইহরাম বাঁধা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো কি কি?
ইসলামে হালাল এমন বেশ কিছু কাজ ইহরাম বাঁধার পর আর করা যায় না। করলে ইহরাম নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সেগুলো হলো:
- আতর বা সুগন্ধি জাতীয় দ্রব্য ব্যবহার করা
- সেলাই করা কোনো কাপড় পড়া (পুরুষের জন্য)
- মাথা ঢেকে রাখা (পুরুষের জন্য)
- মুখ ঢেকে রাখা
- শরীর থেকে যেকোনো চুল কাটা বা উপড়ে ফেলা
- হাত বা পায়ের নখ কাটা
- ঝগড়া-বিবাদ করা
- কোনো প্রাণী শিকার করা
- কাউকে বিবাহের প্রস্তাব দেওয়া
- স্বামী-স্ত্রীর সহবাস করা বা এ ধরনের ইঙ্গিত আছে এমন কোনো কাজ যেমন চুম্বন করা
মহিলাদের ইহরাম কেমন হবে?
ইহরাম বাঁধার ক্ষেত্রে তিনটি বিষয় ছাড়া কোনো ভিন্নতা নেই:
- মহিলাদের মাথা ঢেকে রাখা ওয়াজিব
- মহিলারা এমন নেকাব ব্যবহার করবেন না যা তাঁদের মুখ ঢেকে ফেলে; তবে তাঁরা মাহরাম ব্যতীত অন্যদের সামনে পর্দা করবেন
- মহিলাদের সেলাই করা কাপড় পরতে কোনো বাধা নেই
শিশুদের ইহরাম কেমন হবে?
অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে যদি ভালো-মন্দ, পবিত্রতা-অপবিত্রতা সম্পর্কে জ্ঞান না রাখে, তাহলে তাদের অভিভাবকগণকে তাদের পক্ষে ইহরাম, ওমরাহ ও হজের নিয়ত করে নিতে হবে। ছেলে হলে তাদেরকে সেলাইবিহীন কাপড় পরিধান করাতে হবে; মেয়ে হলে মেয়েদের নির্ধারিত পোশাক পরিধান করাতে হবে। তাদের পক্ষ থেকে অভিভাবককে তালবিয়া পড়তে হবে, এভাবে বাচ্চা মুহরিম বলে গণ্য হবে। প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ, বাচ্চার জন্যও তা নিষিদ্ধ। বোধশক্তি সম্পন্ন বালক-বালিকা অভিভাবকের অনুমতি নিয়ে ইহরাম বাঁধবে এবং বয়স্কদের মতোই নিয়মাবলী পালন করবে।
ইহরাম বাঁধা থেকে বের হওয়ার পদ্ধতি কি?
মনে মনে ইহরাম ছেড়ে দেওয়ার নিয়ত করতে হবে। এরপর হালাক্ব বা কসর (মাথার চুল মুণ্ডন বা ছোট করা) এর মাধ্যমে ইহরাম শেষ হবে।
তালবিয়া
তালবিয়া কি ও কখন পড়তে হয়?
তালবিয়া হলো সেই দোয়া যা হজ বা ওমরাহর সময় পড়া হয়। ইহরাম বাঁধা থেকে তাওয়াফ শুরু হওয়া পর্যন্ত তালবিয়া পাঠের বিধান। তালবিয়া হচ্ছে: “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।” অর্থ: আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আল্লাহ! আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোনো শরিক নেই, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নেয়ামত এবং সাম্রাজ্য আপনারই। আপনার কোনো শরিক নেই। (বুখারি, হাদিস: ১৫৪৯; মুসলিম, হাদিস: ২৮১১)
তালবিয়া কিভাবে পড়তে হয়?
পুরুষদের জন্য তালবিয়া পাঠের বিধান হলো উচ্চস্বরে। আর নারীরা পাঠ করবেন মৃদুস্বরে।
তাওয়াফ
তাওয়াফ কি?
তাওয়াফ অর্থ কোনো কিছুর চারদিকে চক্রাকারে ঘোরা বা প্রদক্ষিণ করা। হজ ও ওমরাহর ক্ষেত্রে তাওয়াফ হলো বাইতুল্লাহ বা কাবাঘরের চারদিকে সাতবার প্রদক্ষিণ করা।
তাওয়াফের ফরজগুলো কি কি?
- সাত চক্করের অন্তত অর্ধেকের বেশি পরিপূর্ণ করা
- কাবার বাইরে কিন্তু মসজিদুল হারামের ভেতরে তাওয়াফ করা
- নিজে নিজে তাওয়াফ করা – হুইল চেয়ারে বসে বা অন্য কারো সহায়তা নিয়ে হলেও নিজের তাওয়াফ নিজে সম্পন্ন করা
তাওয়াফের ওয়াজিবগুলো কি কি?
তাওয়াফ করার সময় এই ওয়াজিবগুলো ছুটে গেলে তাওয়াফ পুনরায় করতে হবে অথবা কাফফারা দিতে হবে:
- শরীর পাক-সাফ থাকা
- সতর ঢাকা থাকতে হবে
- যাঁরা হাঁটতে পারবেন তাঁরা অবশ্যই হেঁটে তাওয়াফ করবেন
- ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করতে হবে
- হাতীমের চারপাশ দিয়ে ঘুরতে হবে
- কাবার সাত চক্কর সম্পূর্ণ করতে হবে
তাওয়াফ করতে করতে গণনা ভুলে গেলে করণীয় কি?
যথাসাধ্য চেষ্টা করতে হবে গণনা ঠিক রাখার, তবে যদি একান্তই কেউ ভুলে যান তাহলে যে সংখ্যা নিয়ে সন্দেহ আছে সেটি কম ধরেই এগোতে হবে। উদাহরণস্বরূপ, যদি ৫ ও ৬ এর মধ্যে সন্দেহ থাকে, তাহলে ৫ ধরে এগোতে হবে।
সাঈ
সাঈ কি?
ইব্রাহিম (আ.) এর স্ত্রী বিবি হাজেরা ও পুত্র ইসমাঈল (আ.) এর স্মৃতি বিজড়িত সাফা ও মারওয়া পাহাড়ে আসা-যাওয়ার রীতিকে সাঈ করা বলা হয়। এটি ওমরাহর একটি ওয়াজিব কাজ। সাফা থেকে মারওয়া যাওয়া হলে একবার সাঈ হয়, সুতরাং সাত নম্বর সাঈ শেষ হবে মারওয়াতে গিয়ে। বর্তমানে সাফা-মারওয়া পর্বতগুলো বাস্তবে নেই, কিন্তু সাঈ করার সুবিধার জন্য এগুলোর নিশানাগুলো সুন্দরভাবে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে।
সাঈ করার ফরজ কি?
সাঈ করার একটিই মাত্র ফরজ – সাফা-মারওয়ার প্রকৃত স্থানে সাঈ করা, অন্য কোথাও নয়।
সাঈ করার ওয়াজিবগুলো কি কি?
এগুলোর কোনো একটি বাদ পড়ে গেলে সাঈ আবার করতে হবে অথবা কাফফারা দিতে হবে:
- নিজের সাঈ নিজেকেই করতে হবে – হুইল চেয়ারে বসে বা অন্য কারো সাহায্য নিয়ে হলেও নিজেকেই করতে হবে
- অবশ্যই তাওয়াফ করার পরে সাঈ করতে হবে, আগে নয়
- সাঈ সাফাতে শুরু করতে হবে এবং মারওয়াতে শেষ করতে হবে
- সম্পূর্ণরূপে সাতবার সাঈ করতে হবে
- হাঁটার সামর্থ্য থাকলে অবশ্যই হেঁটে সাঈ করতে হবে
- সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা যাওয়া-আসার দূরত্ব পূর্ণরূপে অতিক্রম করতে হবে
ওমরাহ সম্পর্কিত ভুল ও কাফফারা (দম/ফিদিয়া)
কি কি উপায়ে ওমরাহর কাফফারা আদায় করা যায়?
ওমরাহতে সংঘটিত ভুলের ওপর নির্ভর করে তিন পদ্ধতিতে কাফফারা আদায় করা যায়: পশু জবেহ করা, রোজা রাখা, বা গরিব মানুষদের খাওয়ানো বা দান-সদকা করা।
কোন ভুলের জন্য পশু কোরবানি করতে হবে?
তাওয়াফের ওয়াজিবগুলো, সাঈ করার ওয়াজিবগুলো, বা মাথা মুণ্ডন করার কাজ ছুটে গেলে বা ভুল হলে আল্লাহর রাস্তায় পশু জবেহ করতে হবে।
ইহরাম বাঁধা অবস্থায় কি কি ভুল করলে কাফফারা দিতে হবে?
- সুগন্ধি ব্যবহার করলে
- মানুষের শরীরের আকারে সেলাই করা কাপড় পড়লে
- মাথা ও মুখমণ্ডল ঢাকলে
- শরীরের যেকোনো চুল মুণ্ডন করলে, কেটে ছোট করলে বা উপড়িয়ে ফেললে
- হাত বা পায়ের নখ কাটলে
- স্ত্রীকে চুম্বন বা সহবাস করলে, কিংবা এ জাতীয় কোনো কাজ বা কথাবার্তা বললে
ওমরাহ পালনে নিয়ম ভাঙা বা ভুল-ত্রুটিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয় – ছাড় দেওয়া হয় এমন এবং ছাড় দেওয়া হয় না এমন, এবং আবার এগুলোকে পুরোপুরি ও আংশিক ভাগে ভাগ করা হয়। যেমন দুর্ঘটনাবশত ইনফেকশন রোধের জন্য একটি নখ তুলে ফেলতে হলে তা ছাড় দেওয়া যাবে এমন ত্রুটি; কিন্তু নিজ ইচ্ছায় একটি নখ উঠিয়ে ফেললে তা আংশিক নিয়ম ভাঙা হবে, আর নিজ ইচ্ছায় সব নখ উঠিয়ে ফেললে তা পুরোপুরি নিয়ম ভাঙা হবে।
কাফফারার জন্য কি কি পশু জবেহ করা যাবে?
- জবেহ করার জন্য দুম্বা বা ভেড়া, ছাগল, গরু কিংবা উট নেওয়া যেতে পারে
- ভেড়া বা দুম্বার বয়স কমপক্ষে ছয় মাস, ছাগলের বয়স কমপক্ষে এক বছর, গরু কমপক্ষে দুই বছর এবং উটের বয়স পাঁচ বছর হওয়া উচিত
- একটি উট বা একটি গরু জবেহ করার মাধ্যমে সাতটি কাফফারা আদায় করা যাবে
- পশু নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে যাতে সেগুলোর কোনো ত্রুটি না থাকে বা রোগাক্রান্ত না হয়
- পশু হুদুদে হারাম (মক্কার সীমানা) এর মধ্যে জবেহ করতে হবে
- জবেহকৃত পশুর মাংস মক্কার সেসব অধিবাসীদের মধ্যে বিলি করতে হবে যারা যাকাত নিতে পারেন
রোজা রাখা বা দান-সদকার মাধ্যমে কাফফারা দেওয়ার বিধান কি?
রোজা রাখার মাধ্যমে কাফফারা দিতে চাইলে তিন দিন রোজা রাখতে হবে – একনাগাড়ে না হলেও সমস্যা নেই। গরিবদের খাওয়ানো বা সদকা প্রদানের মাধ্যমে কাফফারা দিতে চাইলে মক্কার এমন অধিবাসীকে দুইবেলা খাওয়াতে হবে যিনি যাকাত গ্রহণ করতে পারেন, বা সমপরিমাণ সদকা/যাকাত-উল-ফিতর দিতে হবে।
ওমরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিভাষা
- দম: হজ বা ওমরাহর সময় কোনো ওয়াজিব ছুটে গেলে বা ভুল হলে পশু জবেহ করার মাধ্যমে কাফফারা দেওয়া
- ফরজ কাজ: যা অবশ্যই করতে হবে; ছুটে গেলে হজ বা ওমরাহ পুনরায় করতে হয়
- হাজরে আসওয়াদ (কালো পাথর): আদি পিতা আদম (আ.) জান্নাত থেকে এনেছিলেন, আগে সাদা ছিল, মানুষের পাপ শুষে কালো হয়ে গেছে
- হালক্ব: মাথার চুল মুণ্ডন করা
- হারাম: শরীয়ত দ্বারা নির্ধারিত মক্কার সীমানা, যেখানে পশু শিকার, গাছ কাটা নিষিদ্ধ
- হাতীম: কাবার একটি অংশ, যা নির্মাণের সময় হালাল সম্পদের অভাবে বাদ রাখা হয়েছিল
- ইহরাম: হজ বা ওমরাহর নিয়তে কিছু হালাল কাজকে নিজের ওপর হারাম করে নেওয়া
- হিল: মীকাত থেকে হারামের সীমানা পর্যন্ত স্থান, যেখানে হারামে নিষিদ্ধ কাজ হালাল
- ইস্তিলাম: হাজরে আসওয়াদকে ছোঁয়া বা চুম্বন করা
- কাবা: বাইতুল্লাহ বা আল্লাহর ঘর, মসজিদুল হারামের মাঝখানে অবস্থিত, মুসলমানদের কিবলা
- কাফফারা: প্রায়শ্চিত্ত – কোনো ওয়াজিব ছুটে গেলে পশু জবেহ, রোজা বা দান-সদকা করা
- মাকামে ইব্রাহিম: যে পাথরের ওপর দাঁড়িয়ে ইব্রাহিম (আ.) কাবা নির্মাণ করেন
- সাফা ও মারওয়া: সাঈ শুরু ও শেষ হওয়ার স্থান
- মীকাত: হজ বা ওমরাহ পালনকারীদের জন্য ইহরাম বাঁধার নির্ধারিত স্থান
- কসর: মাথার চুল ছোট করে ছাঁটা
- রমল: দ্রুত পায়ে তাওয়াফের প্রথম তিন চক্কর শেষ করা
- সাঈ: সাফা-মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার আসা-যাওয়া
- তালবিয়া: ইহরাম বাঁধার পর থেকে পড়া নির্ধারিত দোয়া
- তাওয়াফ: কাবার চারদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাতবার ঘোরা
- ওয়াজিব: জরুরি কাজ, যা ছুটে গেলে দমের মাধ্যমে কাফফারা দিতে হয়
ওমরাহ পালনের সঠিক মাসায়েল জানার পাশাপাশি সঠিক এজেন্সি নির্বাচন এবং ভিসা প্রক্রিয়া জানাও সমান জরুরি। বাংলাদেশ থেকে ওমরাহ ভিসার নিয়মকানুন নিয়ে বিস্তারিত পড়ুন ওমরাহ ভিসা পাওয়ার নিয়ম নিবন্ধে। নির্ভরযোগ্য প্যাকেজ ও বুকিং সম্পর্কে জানতে দেখুন আমাদের ওমরাহ প্যাকেজ বিডি: সম্পূর্ণ বুকিং গাইড। আইটিএস হলিডেজের মাধ্যমে ওমরাহ প্যাকেজ বুক করতে ভিজিট করুন আমাদের ওমরাহ প্যাকেজ পেজ, বা সরাসরি যোগাযোগ করুন আমাদের যোগাযোগ পেজের মাধ্যমে।
